ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানান নেতানিয়াহু।

বৈঠকের সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তাও পৌঁছে দেন।

জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হাভিয়ের মিলেই একজন সত্যিকারের বন্ধু। তিনি আরও বলেন, ইসরাইল আর্জেন্টিনার পাশে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেশটিকে সমর্থন করে। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনাকে শুভকামনাও জানান তিনি।

এদিকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে শুধু ফুটবল নয়, রাজনৈতিক দিক থেকেও নানা আলোচনা তৈরি হয়েছে। অনেকে ম্যাচটিকে প্রতীকী গুরুত্বের একটি লড়াই হিসেবেও দেখছেন।

এর কারণ হিসেবে ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের পার্থক্যের বিষয়টি সামনে আনা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান নিয়ে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে বিশ্বকাপ ফাইনালের আগে দুই দেশের রাজনৈতিক অবস্থান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরেও বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়েছে। এর মধ্যে কিছু পোস্টে ষড়যন্ত্রতত্ত্ব ও ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগ উঠেছে।

তবে মাঠের লড়াইয়ে সব আলো এখন আর্জেন্টিনা ও স্পেনের দিকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হবে দুই শক্তিশালী দল। আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে স্পেনও দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!