দেশের বাইকপ্রেমিদের জন্য বড় সুখবর

প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
দেশের বাইকপ্রেমিদের জন্য বড় সুখবর

নতুন নীতিতে বাড়ল মোটরসাইকেল আমদানির সীমা, আসতে পারে নতুন মডেল।

দেশে এখন থেকে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। নতুন আমদানিনীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) এই ক্ষমতার মোটরসাইকেল আমদানি করা যাবে।

সোমবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত আমদানিনীতি আদেশ ২০২৬-২০২৯-এর গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে ২০২১-২০২৪ সালের আমদানিনীতি অনুযায়ী, সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতিতে সেই সীমা বাড়িয়ে ৩৭৫ সিসি করা হয়েছে।

নতুন নীতি কার্যকর হলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আমদানির সুযোগ বাড়বে। এতে দেশের মোটরসাইকেল বাজারে নতুন মডেল ও ব্র্যান্ডের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এর ফলে স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

নতুন আমদানিনীতি আদেশে শুধু মোটরসাইকেল নয়, আমদানি প্রক্রিয়া সহজ করতে আরও কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ঋণপত্র (এলসি) ছাড়াও মূল্যসীমা ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে।

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা এসব সুবিধা নিতে পারবেন।

এ ছাড়া নতুন নীতিতে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুযোগও বাড়ানো হয়েছে।

এর আগে ২০২১-২০২৪ সালের আমদানিনীতি আদেশে এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ থাকলেও বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত ছিল। নতুন আদেশে সেই সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page