মঙ্গলবার যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা থাকবে না গ্যাস

প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
মঙ্গলবার যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা থাকবে না গ্যাস

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলায়। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। এই কাজের অংশ হিসেবেই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিনি বলেন, পৃথক গ্যাসলাইন স্থাপন করা হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বাড়বে। পাশাপাশি আবাসিক গ্রাহকদের যে গ্যাস-সংকট রয়েছে, সেটিও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ করা সম্ভব হলে এর আগেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page