আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে ৭ ঘণ্টা রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কর্তনের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।
রোববার (৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পর্যায়ক্রমে সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এসব এলাকার মধ্যে রয়েছে হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর।
এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কর্তনের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এ কার্যক্রমের কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজ চলাকালে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
