৭২ সহপাঠী দিয়ে দুই শিক্ষার্থীকে থাপড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ
৭২ সহপাঠী দিয়ে দুই শিক্ষার্থীকে থাপড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

দুই শিক্ষার্থীকে সহপাঠী দিয়ে থাপড়ানোর অভিযোগে তদন্তের দাবি।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে তাদের ৭২ সহপাঠী দিয়ে থাপড়ানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক নাঈমুল হকের নির্দেশেই দুই শিক্ষার্থীকে সহপাঠীদের দিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

জানা যায়, এর আগের দিন বুধবার বিদ্যালয়ের বাইরে শিক্ষক নাঈমুল হকের সঙ্গে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেরাজ জিসান অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ ওঠে। একই সময়ে ওই শ্রেণির আরেক শিক্ষার্থী মিফতাহুল জান্নাত অন্য শ্রেণির এক ছেলে শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে—এমন অভিযোগও করা হয়।

পরদিন শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের ৭২ সহপাঠীকে দিয়ে থাপড়ানোর নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে পরে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে রোববার (৪ অক্টোবর) সকালে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন দুই শিক্ষার্থীর অভিভাবকেরা।

অভিযোগের বিষয়ে শিক্ষক নাঈমুল হক নিজের ভুল স্বীকার করে বলেন, “এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এ ঘটনার জন্য আমি অনুতপ্ত।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় তিনি দুঃখিত।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page