এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর লক্ষ্মীপুর জেলা প্রশাসন
এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছে লক্ষ্মীপুর প্রশাসন।
লক্ষ্মীপুরে এলপিজি গ্যাসের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের নিয়ে জরুরি মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সভায় কৃত্রিম সংকট তৈরি, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং ভোক্তাদের হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, লক্ষ্মীপুর জেলার প্রধান এলপিজি গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা এবং মানুষের ভোগান্তি কমানো প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, কোনোভাবেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও নির্দেশ দেন, প্রতিটি বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত গ্যাসের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে সিলিন্ডারের পর্যাপ্ত মজুদ রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে, অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করে বা ভোক্তাদের অভিযোগের কারণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে এবং নির্বিঘ্নে গ্যাস পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
