ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার

প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার

ভূমি ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল সেবায় জোর

সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেছেন, সরকার ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, চাকরি প্রাপ্তির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। মেধার ভিত্তিতে তরুণরা দেশসেবার সুযোগ পেয়েছেন। এই স্বচ্ছতার মর্যাদা ধরে রাখতে কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ভূমি সেবার জটিলতা ও সংস্কারের বিষয়ে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত জটিল একটি বিষয়। বিভিন্ন সময়ে ভূমি সংক্রান্ত আইন ও মালিকানায় পরিবর্তন এসেছে। তবে বর্তমানে ভূমি সেবাকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন।

তিনি জানান, নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার কলসেন্টার সেবা চালু রয়েছে। দেশের অভ্যন্তর থেকে ১৬১২২ এবং প্রবাসীদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে যোগাযোগ করে ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

নতুন কর্মকর্তাদের উদ্দেশে সিনিয়র সচিব বলেন, নিজেদের সেবাগ্রহীতার অবস্থানে রেখে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবেন।

অনুষ্ঠানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: Dhaka Mail

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page