সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

সিগারেট হাতে ইবি প্রক্টরের মাদকবিরোধী অভিযান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডির মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে জ্বলন্ত সিগারেট হাতে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে অভিযানে নেতৃত্ব দিতে দেখা যাওয়ায় সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইবি প্রক্টরিয়াল বডি। এ সময় প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, ক্যাম্পাসের ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোনে, পেয়ারা বাগান, ছাত্রী হল এলাকা ও ইবি লেকে অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রক্টরিয়াল বডির সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছেন। একই ভিডিওতে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে অভিযানে নেতৃত্ব দিতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। তাদের অভিযোগ, মাদকবিরোধী অভিযানের সময় প্রক্টরের হাতে সিগারেট থাকা শিক্ষার্থীদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রক্টর প্রকাশ্যে সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন—এটি শিক্ষার্থীদের জন্য ভুল বার্তা তৈরি করতে পারে। মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া ব্যক্তির এমন আচরণ কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্নও তুলেছেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রক্টরের নির্দেশে অভিযান চালানো হয়েছে। অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

এ বিষয়ে জানতে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সূত্র: দৈনিক শিক্ষাডটকম

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page