চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধা বিকাশে অনুপ্রেরণার বার্তা
এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ১৯ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে
কুড়িগ্রামের চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার আইডিয়াল স্টুডেন্টস্ কেয়ার স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লিয়া এন্টারপ্রাইজের ডিরেক্টর ও চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল। এতে সভাপতিত্ব করেন বজরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইলিয়াস সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন লিয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান লালমিয়া, প্রতিষ্ঠানের পরিচালক আবুল হাসান রানা, সহকারী পরিচালক আল মামুন, আইডিয়াল স্টুডেন্টস্ কেয়ার স্কুলের প্রধান শিক্ষক নাসরিন আক্তার লাইজু এবং সিনিয়র শিক্ষক আলাউদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের নৈতিক শিক্ষা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
