দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সেপ্টেম্বরের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
চলতি সেপ্টেম্বর মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, গত ছয় মাসে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে। একই ধারাবাহিকতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাসেবার পরিবেশ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের হাসপাতালে আসা-যাওয়ার ক্ষেত্রে সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ ছাড়া সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলো দ্রুত চালু করার আশ্বাস দেন তিনি। এসব হাসপাতাল চালু হলে সিলেটের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন ও মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে হামের সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে টিকাদানের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
