ধামইরহাটে গলায় ফাঁস লাগানো গৃহবধূর মরদেহ উদ্ধার
ধামইরহাটে ঘরের ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নওগাঁর ধামইরহাট উপজেলার দাদানপুর খয়েরবাড়ী গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোছা. কবিতা বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নিজ শ্বশুরবাড়ির একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কবিতা বেগম ধামইরহাট উপজেলার বিকন্দখাস এলাকার আব্দুল আজিজের মেয়ে। প্রায় ছয় মাস আগে দাদানপুর খয়েরবাড়ী গ্রামের আইয়ুব হোসেনের ছেলে জিহাদ হোসেন বাদশার (২৩) সঙ্গে তাঁর বিয়ে হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ চলত। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
স্বজনরা জানান, শনিবার বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পরিবারের সদস্যরা কবিতা বেগমকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর চাচী শাশুড়ি দেখতে পান, শ্বশুর আইয়ুব হোসেনের বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে।
পরে দোকানে থাকা স্বামী জিহাদ হোসেন বাদশাকে খবর দেওয়া হয়। তিনি বাড়িতে এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় কবিতা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে কোনো অন্য বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
