সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৬৪ জন। এ ছাড়া ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫২৭ জনের।
নতুন করে মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা দেশে চলমান হাম পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে প্রতিদিন আক্রান্ত, মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সর্বশেষ তথ্য প্রকাশ করা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!