মাত্র কয়েক উপকরণে তৈরি ডাবের পুডিং, গরমে দেবে ঠান্ডা স্বাদ
ডাবের পানি ও শাঁস দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ঠান্ডা ডাবের পুডিং।
প্রচণ্ড গরমে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করলে ঘরেই তৈরি করে নিতে পারেন ডাবের পুডিং। অল্প সময় ও সামান্য উপকরণে সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টান্ন। ডাবের পানি ও শাঁসের স্বাদে তৈরি পুডিংটি গরমের দিনে হতে পারে দারুণ প্রশান্তিদায়ক। রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী আফসানা মিমি।
উপকরণ
ডাবের পানি ২ কাপ, ডাবের শাঁস ১ কাপ (ছোট টুকরো করা), স্বাদমতো চিনি এবং আগার আগার পাউডার ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ডাবের পানি, চিনি ও আগার আগার পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পাত্রটি মাঝারি আঁচে বসিয়ে ৩ থেকে ৫ মিনিট নাড়তে থাকুন। আগার আগার পাউডার পুরোপুরি গলে গেলে চুলা বন্ধ করে মিশ্রণটি নামিয়ে নিন।
মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে এর সঙ্গে ছোট টুকরো করে রাখা ডাবের শাঁস মিশিয়ে দিন। এবার তৈরি করা মিশ্রণটি পছন্দের মোল্ড বা ছোট বাটিতে ঢেলে দিন।
প্রথমে মিশ্রণগুলো রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিন। এরপর মোল্ড বা বাটিগুলো ২ থেকে ৩ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। পুডিং ভালোভাবে সেট হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে মোল্ড থেকে সাবধানে তুলে নিন।
ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং পরিবেশন করুন। গরমের দিনে সহজে তৈরি এই পুডিং হতে পারে পরিবারের সদস্য কিংবা অতিথিদের জন্য চমৎকার একটি মিষ্টান্ন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
