কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন গ্রেপ্তার।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে ফুলবাড়ী থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আহাম্মদ আলী পোদ্দার রতন আশির দশকে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করার পর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া তিনি ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, কয়েক মাস আগে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। জামিনে থাকা অবস্থায় মঙ্গলবার তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page