পাসপোর্ট হারানোর পর পরিচয় বদলের সুযোগ বন্ধ, নতুন নির্দেশনায় যা থাকছে

প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
পাসপোর্ট হারানোর পর পরিচয় বদলের সুযোগ বন্ধ, নতুন নির্দেশনায় যা থাকছে

হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে মৌলিক পরিচয়গত তথ্য পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা

হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর সময় আবেদনকারীর মৌলিক পরিচয়গত তথ্য পুরোপুরি পরিবর্তন করা যাবে না। নতুন নির্দেশনায় নাম, জন্মতারিখ, বাবার নাম ও মায়ের নাম অপরিবর্তিত রাখার কথা স্পষ্ট করা হয়েছে। তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধনের সুযোগ আলাদাভাবে বিবেচনা করা যাবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

পরিপত্রে বলা হয়েছে, হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবার নাম ও মায়ের নাম—এই মৌলিক পরিচয়গত তথ্য সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। বৈধ তথ্য সংশোধনের প্রয়োজন হলে সেটি প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আলাদাভাবে বিবেচনা করা হবে।

নতুন নির্দেশনায় পাসপোর্টের ক্ষতির ধরন অনুযায়ী পুনঃইস্যুর প্রক্রিয়াতেও পার্থক্য রাখা হয়েছে। কোনো পাসপোর্ট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট হলেও শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে সেটি কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে নতুন পাসপোর্ট নেওয়া যাবে।

অন্যদিকে পাসপোর্ট সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেলে এবং আবেদনকারীকে শনাক্ত করার মতো কোনো অংশ দেখানো সম্ভব না হলে সেটিকে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনার আওতায় আনা হবে।

হারানো বা চুরি হওয়া পাসপোর্টের ক্ষেত্রে আবেদনকারীকে অনতিবিলম্বে নির্ধারিত অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করার পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির সঠিকতা যাচাই করে প্রতিবেদন পাঠাবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘটনা বাড়তে থাকায় এবং এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মতো নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কায় নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন পাসপোর্ট ইস্যুর সময় ডেটাপেজে ‘Previous Passport is Reported to be Lost’ উল্লেখ করা হবে। পাশাপাশি আগের পাসপোর্টের ‘Lost/Revoked’ অবস্থা ডাটাবেজে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর স্পেশাল ব্রাঞ্চের Immigration Management System (IMS)-এ তথ্য হালনাগাদ করা হবে। প্রয়োজনে ইন্টারপোলকে অবহিত করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের অফিসিয়াল Facebook Page