সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের বাংলাদেশ সফর ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে সিরিজটি আয়োজনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ক্রীড়া কূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ আগ্রহী এবং নির্ধারিত সময়েই ভারতীয় দলের সফর অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সিরিজটি মূলত গত বছর হওয়ার কথা ছিল। তবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে তা স্থগিত হয়ে যায়। পরে চলতি বছরের মার্চে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে সিরিজের মিডিয়াস্বত্ব বিক্রির কার্যক্রমও স্থগিত রেখেছিল। ফলে সেপ্টেম্বরে সিরিজটি আদৌ হবে কি না, তা নিয়ে ক্রিকেট অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়।
রোববার মিরপুর সুইমিং কমপ্লেক্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ভারতের দূতাবাসের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী বলেন, ক্রিকেট বাংলাদেশের অন্যতম মর্যাদার ক্ষেত্র। অতীতের একটি ঘটনাকে কেন্দ্র করে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেটি পেছনে ফেলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রীড়াঙ্গনের সম্পর্ক স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক হবে বলে সরকার বিশ্বাস করে। তাই ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনকে শুধু ক্রিকেট নয়, ক্রীড়া কূটনীতিরও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সেরা ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!