১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রস্তুত থাকা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মীর শাহে আলম জানান, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এসব সৌর প্যানেল স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হবে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয় ও জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে একদিকে এসব প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের সুযোগ তৈরি হবে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্যক্রমটি শুরু হবে বলে জানানো হয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
