হামের উপসর্গে মৃত্যু বাড়ছেই ২৪ ঘণ্টায় আরও ২ শিশু মৃত

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
হামের উপসর্গে মৃত্যু বাড়ছেই ২৪ ঘণ্টায় আরও ২ শিশু মৃত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ২৮২ শিশু। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৪৩।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৮২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ শিশুর।

এই সময়ে হামের উপসর্গ ও সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থতা ও মৃত্যুর তথ্য আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। ফলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাকে নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page