দীর্ঘ ৪ মাস পর মান্দার বিলে জালের ঝংকার, মাছ ধরার অনুমতি পেয়ে খুশি জেলেরা
চার মাসের নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় জেলেরা।
দীর্ঘ চার মাসের প্রজননকালীন নিষেধাজ্ঞা শেষে নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দা, বিল উত্তরাইল ও বিল চককসবা-তে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৎস্য আহরণ কার্যক্রম। দীর্ঘ অপেক্ষার পর বিলে জাল ফেলার সুযোগ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত স্থানীয় মৎস্যজীবীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনটি বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন পর বিলে জাল ও নৌকার ব্যস্ততা ফিরে আসায় খুশি শত শত মৎস্যজীবী পরিবারের সদস্যরা।
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ২০২৬-২০২৭ অর্থবছরের ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর অধীনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী ও মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক মো. শামশুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোসাঃ আতিয়া খাতুন বলেন, “মান্দার বিলঘেরা এই অঞ্চলের শত শত জেলে পরিবার মাছ ধরার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী চার মাস আগে বিলে প্রায় ২ হাজার ১০০ কেজি দেশি ও কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে ওই সময়ে মাছ ধরা বন্ধ রাখা হয়েছিল। এখন স্বচ্ছতা নিশ্চিত করে সুনির্দিষ্ট সুফলভোগী কমিটির মাধ্যমে জেলেদের মাছ ধরার অনুমতি দেওয়া হয়েছে।”
মৎস্য আহরণের অনুমতি পেয়ে স্থানীয় জেলেরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা জানান, চার মাস মাছ ধরা বন্ধ থাকায় জীবিকার প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে। আবারও বিলে জাল ফেলার সুযোগ পাওয়ায় তাঁদের জীবিকার অনিশ্চয়তা কিছুটা কমেছে এবং পরিবারে স্বচ্ছলতা ফেরার আশা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
