দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন দীপিকা-রণবীর, ঘরে এলো কন্যা

প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন দীপিকা-রণবীর, ঘরে এলো কন্যা

দ্বিতীয়বার মা–বাবা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।

দ্বিতীয়বারের মতো মা–বাবা হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আজ এই তারকা দম্পতির পরিবারে এসেছে নতুন অতিথি—এক কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তাঁরা।

দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের ঘর আলো করে জন্ম নেয় মেয়ে দুয়া। দুই বছর পর আবারও কন্যাসন্তানের আগমনে পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে।

দ্বিতীয় সন্তানের জন্মের আগে গতকাল মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের কয়েকজন সদস্য। সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। অন্যদিকে রণবীরকে দেখা যায় বেগুনি কুর্তা ও সাদা প্যান্টে।

প্রথম সন্তান দুয়ার জন্মের মাত্র দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা-রণবীর। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মন্দিরে তাঁদের দেখা গিয়েছিল।

দ্বিতীয় সন্তানের আগমনের আগে সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন এই তারকা দম্পতি। ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে রণবীর তাঁদের মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু অপ্রকাশিত সাদাকালো ছবি প্রকাশ করেন।

সেসব ছবিতে দীপিকা ও রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। কোনো ছবিতে মেয়ের সঙ্গে খেলতে দেখা গেছে তাঁদের, আবার কোনো ছবিতে ধরা পড়েছে তাঁদের একান্ত পারিবারিক মুহূর্ত। একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাঁকে আলতো করে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। ছবিগুলোর সঙ্গে তাঁরা ভক্তদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতাও জানান।

দীপিকা ও রণবীরের প্রেমের শুরু ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্‌দান করেন তাঁরা। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি।

কঙ্কনি ও সিন্ধি—দুই সংস্কৃতির ঐতিহ্য মেনে হয়েছিল তাঁদের বিয়ের আয়োজন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা–বাবা হন দীপিকা ও রণবীর। এবার তাঁদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page