মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

বিআরটিএর অনুমতি ছাড়া চলবে না স্লিপার বাস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস (শোয়া যায় এমন আসনযুক্ত বাস) চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে আদালত এ নির্দেশ দেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন হাইকোর্টে আবেদন করেছিল।

তিনি বলেন, শুনানিতে আদালতকে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন অনুযায়ী যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য (টেকনিক্যাল স্পেসিফিকেশন) লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ।

বিআরটিএর পক্ষ থেকে আদালতে বলা হয়, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করা অপরাধ। এ অপরাধের জন্য আইনের ৮৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারা অনুযায়ী, বৈধ রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।

আইনজীবী রাফিউল ইসলাম বলেন, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিআরটিএর অনুমোদনপ্রাপ্ত বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে। যেহেতু স্লিপার বাস চালানোর জন্য বিআরটিএর অনুমোদন নেই এবং হাইকোর্ট থেকেও কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়নি, তাই নিয়মের বাইরে এসব বাস মহাসড়কে চলতে পারবে না।

সাম্প্রতিক সময়ে দূরপাল্লার যাত্রায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য স্লিপার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এসব বাসে শোয়ার মতো আসনের ব্যবস্থা থাকায় যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে বাসের নকশা, নিরাপত্তা ব্যবস্থা ও কারিগরি অনুমোদন নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। হাইকোর্টের এ আদেশের ফলে এখন থেকে স্লিপার বাস পরিচালনার ক্ষেত্রে বিআরটিএর অনুমোদন বাধ্যতামূলক হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page