নারীর প্রতি সহিংসতা রোধে বিনামূল্যে আইনি সহায়তার আহ্বান

প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
নারীর প্রতি সহিংসতা রোধে বিনামূল্যে আইনি সহায়তার আহ্বান

কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আইনি সহায়তা নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ কনক বড়ুয়া।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও হলোখানা ইউনিয়নের নারীদের অংশগ্রহণে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কনক বড়ুয়া বলেন, “সহিংসতার শিকার নারীদের পাশে আছি আমরা। নির্যাতিতদের সরকার আইনি সহায়তা দিচ্ছে।” পাশাপাশি পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় রাখতে নারী-পুরুষ উভয়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমঝোতাপূর্ণ আচরণের ওপর গুরুত্ব দেন তিনি।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এ সমাবেশের আয়োজন করে। এতে জেলার প্রান্তিক পর্যায়ের শতাধিক নারী অংশ নেন। “এমপাওয়ারিং ভালনারেবল ওমেন ইন কুড়িগ্রাম” প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিটির লক্ষ্য ছিল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী নেতৃত্বের বিকাশ, আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে নারীদের সম্পৃক্ততা জোরদার করা।

এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ভগবতী রানী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য এবং প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেন।

আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত পাঁচগাছী ও হলোখানা ইউনিয়নের সহিংসতার শিকার কয়েকজন নারীকে আইনি পরামর্শ দেন চীফ লিগ্যাল এইড অফিসার কনক বড়ুয়া।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এএফএডি বাস্তবায়িত “এমপাওয়ারিং ভালনারেবল ওমেন ইন কুড়িগ্রাম” প্রকল্পের আওতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page