জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২য় বর্ষ পরীক্ষা শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্নাতক (সম্মান) ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
বুধবার (২৬ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার নির্ধারিত সময় ও বিষয়ভিত্তিক সূচি অনুযায়ী শিক্ষার্থীদের অংশ নিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ থাকা বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার হলে উপস্থিত হওয়ার সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জরুরি তথ্য জানতে পরীক্ষার্থীদের প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে—বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য বা বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
