খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় ৯০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

reporter
শওকত হোসেন হৃদয়
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় ৯০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এছাড়া কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীও উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সাত প্রকার গ্রীষ্মকালীন সবজির বীজের পাশাপাশি ১৫ কেজি করে টিএসপি ও এমওপি সার প্রদান করা হয়। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫০০ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। ফলে মোট প্রায় ৯০০ কৃষক এ কর্মসূচির সুবিধা পেয়েছেন।

অনুষ্ঠানে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, কৃষি উৎপাদন বাড়ানো এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকদের আরও বেশি উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন