​আইনজীবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ৭ দিনের আল্টিমেটাম পেলেন রামগঞ্জের এমপি!

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
​আইনজীবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ৭ দিনের আল্টিমেটাম পেলেন রামগঞ্জের এমপি!

আইনজীবী সমাজকে নিয়ে বক্তব্যের অভিযোগে এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী সমাজকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী সাত দিনের মধ্যে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে আইনজীবী সমাজের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক তুষার এ নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাদাত হোসেন সেলিম আইনজীবী সমাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে এমপি সেলিম বলেন, “রাতে আইনজীবীরা দোয়া করে যে, আগামীকাল ২/৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যেন ভালমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি।” একই সঙ্গে তিনি আইনজীবীরা অর্থের বিনিময়ে মাদকসেবীদের জামিন করিয়ে থাকেন বলেও মন্তব্য করেন বলে নোটিশে দাবি করা হয়েছে।

আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, একজন জনপ্রতিনিধির কাছ থেকে বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আইনজীবী সমাজকে নিয়ে এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও মানহানিকর। তাদের দাবি, এসব বক্তব্য আইনজীবীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারার আওতায় মানহানির বিষয় হিসেবে বিবেচিত হতে পারে।

নোটিশে জানানো হয়েছে, নির্ধারিত সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিতভাবে ক্ষমা না চাইলে এমপি শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে আদালতে ফৌজদারি ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page