এক দিনের ব্যবধানে সাপের দংশনের দুই ঘটনা, মাভাবিপ্রবিতে সতর্কতা

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
এক দিনের ব্যবধানে সাপের দংশনের দুই ঘটনা, মাভাবিপ্রবিতে সতর্কতা

মানিকগঞ্জে মাভাবিপ্রবির শিক্ষার্থী ইউসুফ রানাকে বিষধর সাপে দংশনের ঘটনা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) গণিত বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থী ইউসুফ রানাকে বিষধর সাপ দংশন করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া থানার নাহার গার্ডেন এলাকায় নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলে বাসায় ফিরছিলেন ইউসুফ রানা। এ সময় হঠাৎ একটি সাপ তাঁর পায়ে দংশন করে। সাপের কামড়ের পর তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

ইউসুফ রানা নিজে সাপটিকে শনাক্ত করতে পারেননি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাপটি বিষধর গোখড়া ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর ইউসুফের সহপাঠীরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে শারীরিক অবস্থার খোঁজ নেন। সহপাঠীদের ভাষ্য, বর্তমানে ইউসুফ কিছুটা সুস্থ আছেন। তাঁরা নিয়মিত তাঁর খোঁজখবর রাখছেন।

ঘটনার বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোকাদ্দেছ আলী বলেন, তিনি একাডেমিক কাজে দিনাজপুরে থাকায় বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না। প্রয়োজন অনুযায়ী বিভাগের পক্ষ থেকে ইউসুফকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এদিকে ইউসুফ রানাকে সাপে দংশনের এক দিন আগেই মাভাবিপ্রবি ক্যাম্পাসে একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশন করার খবর পাওয়া যায়।

ওই ঘটনার পর হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সতর্ক করে জরুরি বার্তা দেওয়া হয়। পরপর সাপের দংশনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতির বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সাপের দংশনের মতো ঘটনায় দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page