আজ কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ৪৭ হাজার কৃষক

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
আজ কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ৪৭ হাজার কৃষক

কৃষক কার্ড কর্মসূচির আওতায় আজ ১ লাখ ৪৭ হাজার কৃষক ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা পাচ্ছেন।

চলতি বছর কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ১ লাখ ৪৭ হাজার কৃষক কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা পাচ্ছেন। কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কৃষক কার্ডের প্রাক-পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কৃষক কার্ডের আওতায় আসছেন। তাঁদের মধ্যে আজ ১ লাখ ৪৭ হাজার কৃষক কৃষি উপকরণ বাবদ ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

এ ছাড়া ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক কৃষক কার্ডের ছাপানো কপি পাবেন। আজকের অনুষ্ঠানের সঙ্গে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে এবং বাকি ৬৪ উপজেলাও অনুষ্ঠানে যুক্ত থাকবে।

কৃষিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে কৃষি খাতের উন্নয়নে সরকারি সহায়তা আরও সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এ সময় কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page