বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি, আবেদন করতে যা লাগবে

প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি, আবেদন করতে যা লাগবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন পদে নিয়োগ ও আবেদনের তথ্য

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকৌশল, অপারেশন, এভিওনিক্স, গ্রাউন্ড সার্ভিস, টেকনিক্যাল ওয়ার্কশপ, মেডিকেল, ফায়ার সেফটি ও এয়ারক্রাফট মেকানিকসহ বিভিন্ন পদে আবেদনের সুযোগ রাখা হয়েছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও কারিগরি দক্ষতার শর্ত আলাদা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনাল টেকনিক্যাল), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিক্স), সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট, এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইনটেন্যান্স) এবং জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে ১৫৪টি এবং এয়ারক্রাফট মেকানিক পদে ৫০টি পদ রয়েছে। গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনা, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ এবং ইংরেজিতে কথা বলার সক্ষমতা থাকতে হবে।

এয়ারক্রাফট মেকানিক পদে আবেদনকারীদের নির্ধারিত কারিগরি যোগ্যতা থাকতে হবে। এ ক্ষেত্রে CAAB/EASA Part 147 অনুমোদিত B1.1 (Aircraft Turbine) অথবা B2 (Avionics) কোর্স সম্পন্ন করার শর্ত রয়েছে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.৫ এবং এইচএসসিতে পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

মেডিকেল টেকনোলজিস্ট পদে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাব) বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ পদে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকার শর্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত দেওয়া হয়েছে। অধিকাংশ পদের প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে একই তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদপত্র বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। একই সঙ্গে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট।

অনলাইন আবেদনপত্র Submit করার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা, ৭ থেকে ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা ফি দিতে হবে।

আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের আবেদনপত্রের কপি সংরক্ষণ করতে হবে। নিয়োগসংক্রান্ত পরবর্তী তথ্য, পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্রের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একই দিনে একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তাই একাধিক পদে আবেদন করলে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি প্রার্থীকে নিজ দায়িত্বে বিবেচনা করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত পূরণকারী প্রার্থীরাই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ও কারিগরি যোগ্যতার শর্ত ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page