অক্টোবরেই বিদায় নিতে পারে বর্ষা, সামনে আরও যেসব পরিবর্তন
অক্টোবরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি অক্টোবর মাসের প্রথমার্ধেই ধীরে ধীরে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে। একই সঙ্গে আগামী মাসে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনায় তৈরি এক মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ব্যতিক্রম ছিল খুলনা বিভাগ। সেখানে স্বাভাবিক গড় ২৭৭ মিলিমিটারের বিপরীতে ১২ শতাংশ বেশি, অর্থাৎ ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগে। সেখানে স্বাভাবিকের চেয়ে ৪৪ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। বিভাগের স্বাভাবিক গড় ৩৭১ মিলিমিটারের বিপরীতে গত মাসে বৃষ্টিপাত হয়েছে ২০৭ মিলিমিটার।
সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ২৮ সেপ্টেম্বর সিলেটে। আর সর্বনিম্ন ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে।
তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী তিন মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে তিন থেকে পাঁচটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক বা দুটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।
এ ছাড়া ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এ সময় এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিতে পারে।
তিনি আরও বলেন, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সক্রিয় এল নিনো পরিস্থিতির কারণে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং বেশি দিন ও রাতের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
