উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

ফেনীর সমাবেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন ও সক্ষম করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫০ থেকে ১৫০ বেডে উন্নীত করার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে উপজেলা পর্যায়েই যাতে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, সে ব্যবস্থা করা হবে। জটিল রোগের চিকিৎসার জন্য মানুষকে যেন জেলা সদর বা রাজধানীতে ছুটতে না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ বেড থেকে ১৫০ বেডে উন্নীত করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় এ কাজ সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

সমাবেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীরা স্বাবলম্বী হলে পুরো পরিবার উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্যম কৃষকদের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না বলেও জানান তিনি।

ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, মুহুরী-কহুয়া নদী ও খালকে সংযুক্ত করে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে মানুষের উপকারের জন্য। কয়েক বছর আগে ভয়াবহ বন্যায় এ এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি সেতুর ওপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, বন্যা, জলাবদ্ধতা ও কৃষিজমি থেকে পানি নিষ্কাশনের পাশাপাশি মানুষের পানির সুবিধার জন্য নদী-খাল খনন প্রয়োজন। নির্বাচনের আগে বিএনপি নদী-খাল খননের কথা বলেছিল উল্লেখ করে তিনি বলেন, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষকদের জন্য নেওয়া কর্মসূচি, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং মানুষের সুবিধার জন্য নদী-খাল খনন—সবকিছুর লক্ষ্য সাধারণ মানুষকে উপকৃত করা।

সমাবেশে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু, স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পটির আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাশয় পুনঃখননসহ বিভিন্ন কাজ করার কথা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page