বৃত্তি পেয়েও টাকা পায়নি ইবতেদায়ি শিক্ষার্থীরা: অধিদপ্তরে শিক্ষক পরিষদের স্মারকলিপি
বৃত্তি পেয়েও টাকা পায়নি ইবতেদায়ি শিক্ষার্থীরা অধিদপ্তরে শিক্ষক পরিষদের স্মারকলিপি
২০২৫ সালের ইবতেদায়ি ট্যালেন্ট ও সাধারণ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বৃত্তির সম্মানী (টাকা) পায়নি শিক্ষার্থীরা। যথাযথ নিয়মে আবেদন করার পরও মেধাবী শিক্ষার্থীদের টাকা না পাওয়ার বিষয়টি চরম পরিতাপের বলে উল্লেখ করেছেন শিক্ষক নেতারা। এ অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থীদের বৃত্তির টাকা দ্রুত ছাড় করার দাবিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ’।
শিক্ষক পরিষদের পক্ষ থেকে গত ২৮ জুন অধিদপ্তরে দেওয়া ওই স্মারকলিপিতে বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থেকে ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। সাফল্যের সঙ্গে প্রাথমিক স্তর পার হয়ে এসব শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মিত লেখাপড়া করছে। শিক্ষা জীবনে উৎসাহ জোগাতে সরকারের দেওয়া শিক্ষাবৃত্তির সম্মানী (টাকা) পাওয়ার জন্য তারা যথানিয়মে আবেদনও করেছিল। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তারা বৃত্তির কোনো টাকা হাতে পায়নি।
বৃত্তি পাওয়ার পরও সম্মানী না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অধিদপ্তরে জমা দেওয়া ওই আবেদনে নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার ৩৯ জন শিক্ষার্থীর নাম, রোল নম্বর ও ঠিকানা সম্বলিত একটি তালিকাও যুক্ত করে দেওয়া হয়েছে।
শিক্ষক পরিষদের নেতারা আশা প্রকাশ করেছেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্য বৃত্তির টাকা বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
