সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথা বলা ধরবে এআই ক্যামেরা, হবে স্বয়ংক্রিয় মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথা বলা ধরবে এআই ক্যামেরা, হবে স্বয়ংক্রিয় মামলা

ট্রাফিক আইন ভঙ্গ কমাতে রাজধানীতে এআই ক্যামেরার ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা করেছে ডিএমপি।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক বিভাগ বলছে, পরীক্ষামূলকভাবে চালু করা এআই ক্যামেরার মাধ্যমে সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের চারটি বড় ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধেও স্বয়ংক্রিয়ভাবে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা চালু রয়েছে। ডিএমপির দাবি, এসব ক্যামেরা চালুর পর উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম ভঙ্গ এবং যত্রতত্র গাড়ি পার্কিং—এই চার ধরনের অপরাধ অনেকটাই কমেছে।

এই ইতিবাচক ফলের ভিত্তিতে ভবিষ্যতে রাজধানীর বিভিন্ন সড়কে ১ হাজার ৫০০-এর বেশি এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে ট্রাফিক বিভাগ। এতে পুরো শহরের ট্রাফিক পরিস্থিতি প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, উল্টো পথে গাড়ি চালানোকে তারা সবচেয়ে গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচনা করেন। পর্যায়ক্রমে সিট বেল্ট ব্যবহার না করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা ব্যবহার করার মতো অপরাধও এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু বাস্তব চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছে ডিএমপি। ট্রাফিক বিভাগ জানায়, বিদ্যুৎ বিভ্রাট হলে এআই ক্যামেরা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। আবার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাও চ্যালেঞ্জের মুখে পড়ে।

আনিছুর রহমান বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও জলাবদ্ধতার মতো সমস্যার কারণে অনেক সময় এআইভিত্তিক সিস্টেম পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা যায় না। তবে এসব সীমাবদ্ধতা কাটিয়ে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।

অন্যদিকে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়েও কঠোর অবস্থানে রয়েছে ডিএমপি। ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা সরানোর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।

ডিএমপির কর্মকর্তাদের মতে, শুধু জনবল বাড়িয়ে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন