নারীদের পিংক বাস নিয়ে সরকার নতুন যে উদ্যোগ নিলো

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
নারীদের পিংক বাস নিয়ে সরকার নতুন যে উদ্যোগ নিলো

নারীদের যাতায়াতের সুবিধায় আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে রাজধানীর বিভিন্ন রুটে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে নতুন বাসগুলো চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে যাত্রীদের চাহিদার তুলনায় এই সংখ্যা কম হওয়ায় আরও ১০০টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোতেও সড়ককে যথাসম্ভব সরলরেখায় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।

এদিকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব এবং মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page