আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।

রোববার (২৭ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে রাজশাহীর বিভিন্ন এলাকাতেও সোমবার পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page