টানা তিন দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
টানা তিন দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার বিষয়টি বিবেচনা করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৯১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

এর আগে গত ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর—তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই সময়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমে যায়।

এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ১০ হাজার ৯৬৪ টাকা। এরপর আবারও দাম সমন্বয় করে বাড়ানোর সিদ্ধান্ত নিল বাজুস।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page