গাড়ি না থামিয়েই টোল পরিশোধ করা যায় বিকাশে যেভাবে
গাড়ি না থামিয়েই ১৪ সেতুর টোল পরিশোধ করা যাবে বিকাশে
দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ডিজিটাল সেবার নতুন সুবিধা চালু হয়েছে। এখন থেকে দেশের ১৪টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় গাড়ি থামিয়ে টাকা দেওয়ার প্রয়োজন হবে না। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধের ব্যবস্থা চালু করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে থাকা এসব টোল প্লাজায় চালু হওয়া এই ব্যবস্থায় গাড়ির মালিককে প্রথমে বিকাশ অ্যাপের মাধ্যমে গাড়ি নিবন্ধন করতে হবে। এরপর গাড়ির উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি (RFID) স্টিকার স্ক্যান করে নির্ধারিত টোল স্বয়ংক্রিয়ভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
নতুন এই ব্যবস্থার ফলে টোল বুথে দীর্ঘ লাইনে অপেক্ষার সময় কমবে এবং যান চলাচল আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
বিকাশ জানিয়েছে, গাড়ি টোল প্লাজা অতিক্রম করার সময় চালক বা গাড়ির মালিক উপস্থিত না থাকলেও নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ হয়ে যাবে। এমনকি টোল প্লাজা পার হওয়ার সময় ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্ধারিত প্রক্রিয়ায় লেনদেন সম্পন্ন হবে।
টোল পরিশোধের পর গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস বা নোটিফিকেশনের মাধ্যমে তথ্য জানানো হবে।
যেসব টোল প্লাজায় পাওয়া যাবে সুবিধা
বর্তমানে দেশের ১৪টি গুরুত্বপূর্ণ সেতু ও সড়কে বিকাশের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল পরিশোধের সুবিধা চালু হয়েছে। এগুলো হলো—
- শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী
- মেঘনা-গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা)
- মেঘনা-গোমতী সেতু (গোমতী টোল প্লাজা)
- তৃতীয় শীতলক্ষ্যা সেতু
- সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু)
- চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী
- মধুমতি সেতু টোল প্লাজা (কালনা সেতু)
- কর্ণফুলী সেতু টোল প্লাজা, চট্টগ্রাম
- খান জাহান আলী সেতু, খুলনা
- লালন শাহ সেতু, কুষ্টিয়া
- হাটিকামরুল-বনপাড়া নতুন সড়ক, নাটোর
- হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট
- লেবুখালী সেতু, পটুয়াখালী
- ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুর
সময় ও ভোগান্তি কমাবে নতুন ব্যবস্থা
বর্তমানে অনেক টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারির কারণে যানজট তৈরি হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে টোল পরিশোধ করতে অতিরিক্ত সময় লাগে। স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার মাধ্যমে এই সমস্যা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় টোল আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি নগদ লেনদেনের প্রয়োজনীয়তাও কমবে।
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তারের অংশ হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে দেশের আরও টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
রেজিস্ট্রেশন করার নিয়ম:
বিকাশ অ্যাপ থেকে গাড়ি রেজিস্ট্রেশন করা খুবই সহজ। গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘টোল’ অপশন সিলেক্ট করে ‘মোটরযান রেজিস্টার করুন’-এ ক্লিক করে গাড়ির প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পরবর্তীতে, বিকাশ পিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। গ্রাহক চাইলে যেকোনো সময় রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই। বিকাশ-এ টোল পরিশোধ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে- https://www.bkash.com/page/toll-payment-bKash।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
