চাল কেনার নামে নতুন প্রতারণা, সতর্ক করল খাদ্য অধিদপ্তর

প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
চাল কেনার নামে নতুন প্রতারণা, সতর্ক করল খাদ্য অধিদপ্তর

চাল কেনার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে খাদ্য অধিদপ্তর

চাল কেনার নামে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নাম, স্বাক্ষর ও স্মারক ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের প্রতারণার মাধ্যমে চালকল মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য অধিদপ্তরের একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে—একটি অসাধু বা প্রতারকচক্র খাদ্য মন্ত্রণালয়ের চাল স্মারক এবং খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের চাল ক্রয়সংক্রান্ত বিভিন্ন স্মারক ব্যবহার করছে। এসব নথিতে পরিচালক, সংরক্ষণ বিভাগ এবং উপপরিচালক, সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের কর্মকর্তাদের নাম ও স্বাক্ষর ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে।

প্রতারকচক্রটি এসব কাগজপত্রে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন চালকল প্রস্তুতকারক ও ব্যবসায়ীর কাছ থেকে চাল কেনার কথা উল্লেখ করে। এর মাধ্যমে চালকল মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ এবং অনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খাদ্য অধিদপ্তর বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে প্রতারকচক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের কোনো লেনদেন সম্পন্ন হলে তার দায়ভার খাদ্য বিভাগ বা খাদ্য অধিদপ্তর কোনোভাবেই গ্রহণ করবে না। ফলে চাল কেনা বা খাদ্য অধিদপ্তরের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নথিপত্র ও প্রক্রিয়া যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রকৃত চাল ক্রয় প্রক্রিয়া নির্ধারিত সরকারি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে চাল কেনার কথা বলে অর্থ চাইলে তা যাচাই ছাড়া লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি মাঠপর্যায়ের খাদ্য বিভাগের কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page