রেলের আয় বাড়াতে এবার বেসরকারি হাতে যাচ্ছে আরও ৩ ট্রেন

প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
রেলের আয় বাড়াতে এবার বেসরকারি হাতে যাচ্ছে আরও ৩ ট্রেন

পূর্বাঞ্চলের আরও তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নিয়েছে রেলওয়ে।

রেলের আয় বাড়ানো ও টিকিট ব্যবস্থাপনা আরও কার্যকর করতে পূর্বাঞ্চলের আরও তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জারিয়া লোকাল, নারায়ণগঞ্জ কমিউটার ও নরসিংদী কমিউটারকে এই ব্যবস্থার আওতায় আনার জন্য দরপত্রও প্রকাশ করেছে রেলওয়ে। নতুন তিনটি যুক্ত হলে পূর্বাঞ্চলে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনের সংখ্যা দাঁড়াবে ১১টি।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে লোকবলসংকটের কারণে ট্রেনের সব যাত্রীর টিকিট নিয়মিত পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে উঠছেন। আবার কেউ কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরের গন্তব্যে যাচ্ছেন। এতে রেলওয়ের রাজস্ব ক্ষতি হচ্ছে। বেসরকারি ব্যবস্থাপনায় টিকিট বিক্রি, পরীক্ষা ও ভাড়া আদায় আরও কার্যকর হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস বলেন, তিনটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হলে আগের তুলনায় বেশি রাজস্ব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে পূর্বাঞ্চলের আটটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলছে। এগুলো হলো ঢাকা-চট্টগ্রাম রুটের কর্ণফুলী কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা কমিউটার, ঢাকা-জারিয়াঝাঞ্জাইল রুটের বলাকা কমিউটার, ঢাকা-আখাউড়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-মোহনগঞ্জ রুটের মহুয়া কমিউটার, ঢাকা-দেওয়ানগঞ্জবাজার রুটের জামালপুর কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার।

চলতি বছরের এপ্রিলে যাত্রীসেবার মান উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে ছয়টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ওই তালিকায় জারিয়া লোকাল, নারায়ণগঞ্জ কমিউটার ও নরসিংদী কমিউটারের পাশাপাশি ছিল নোয়াখালী-লাকসাম রুটের সমতট এক্সপ্রেস, নোয়াখালী-ঢাকা রুটের নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম-নাজিরহাট রুটের নাজিরহাট লোকাল।

তবে আপাতত তিনটি ট্রেনকে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, সমতট এক্সপ্রেস ও নোয়াখালী এক্সপ্রেস ইঞ্জিনসংকটে বর্তমানে বন্ধ রয়েছে। আর নাজিরহাট লোকালের বগির মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজ শেষ হলে ট্রেনটিকেও বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় যেতে যাওয়া জারিয়া লোকাল প্রতিদিন আটবার, অর্থাৎ চার জোড়া, নারায়ণগঞ্জ কমিউটার ১৬ বার বা আট জোড়া এবং নরসিংদী কমিউটার দুবার বা এক জোড়া চলাচল করে। এসব ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র প্রকাশ করা হয়েছে। দরপত্রের ফরম ৫ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা যাবে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এই তিন ট্রেন থেকে মোট ৪ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে। ওই সময়ে ট্রেন তিনটিতে ১০ লাখ ৯৫ হাজার যাত্রী পরিবহন করা হয়।

রেলওয়ের কর্মকর্তারা আশা করছেন, বেসরকারি ব্যবস্থাপনায় গেলে টিকিট বিক্রি ও পরীক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং ট্রেনগুলো থেকে রাজস্ব আয়ও বাড়বে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page