রাজধানীতে সকাল থেকেই ঝুম বৃষ্টি, কয় দিন থাকবে এমন আবহাওয়া?

প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
রাজধানীতে সকাল থেকেই ঝুম বৃষ্টি, কয় দিন থাকবে এমন আবহাওয়া?

শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকায় ঝুম বৃষ্টি নামে।

শুক্রবার সকাল ১০টার পর রাজধানী ঢাকায় নামে ঝুম বৃষ্টি। ছুটির দিনে হঠাৎ বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও ছিন্নমূল ও কর্মজীবী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। আর শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page