হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ন্ত্রণে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা।
কিশোর-কিশোরীদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে অভিভাবকেরা তা জানতে পারবেন। একই সঙ্গে সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয়তা সেটিংসও নির্ধারণ করে দিতে পারবেন তারা।
শিশু ও কিশোরদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এরই মধ্যে নতুন এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ।
নতুন প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে অভিভাবকেরা নির্ধারণ করতে পারবেন, কারা তাদের সন্তানের প্রোফাইল ছবি দেখতে পারবেন এবং কারা তাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন। পাশাপাশি সন্তান অ্যাপটির ‘চ্যানেলস’ সুবিধা কীভাবে ব্যবহার করবে, সেটিও নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে।
তবে এই নিয়ন্ত্রণের আওতায় সন্তানের ব্যক্তিগত কথোপকথন পড়ার সুযোগ থাকছে না। সন্তান যেসব বার্তা পাঠাবে বা গ্রহণ করবে, সেগুলো ব্যক্তিগতই থাকবে। ফোনকলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
অর্থাৎ প্যারেন্টাল কন্ট্রোল চালু থাকলেও কিশোর-কিশোরীদের পাঠানো ও গ্রহণ করা বার্তা এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। ফলে অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্টের কিছু কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারলেও ব্যক্তিগত যোগাযোগের বিষয়বস্তু দেখতে পারবেন না।
হোয়াটসঅ্যাপের প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী ‘মেটা এআই’ ব্যবহারের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা যাবে। এ জন্য অ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন নির্বাচন করতে হবে।
তবে নতুন এই প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার বাধ্যতামূলক করা হয়নি। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। তবে কিশোর-কিশোরীরা নিজেরা এই নিয়ন্ত্রণ বন্ধ করতে পারবে না।
সুবিধাটি ঐচ্ছিক রাখার বিষয়টি নিয়ে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা। তার মতে, এ ধরনের ব্যবস্থা মেটার জন্য সুবিধাজনক হতে পারে। কারণ এতে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রয়োজন কিছুটা কমতে পারে।
নাভারার মতে, এর ফলে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের একটি অংশ অভিভাবক ও ব্যবহারকারীদের ওপরও চলে আসবে।
হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগে মূলত কিশোরদের অনলাইন ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ দিক অভিভাবকদের নজরদারির আওতায় আনা হয়েছে। তবে ব্যক্তিগত বার্তা ও কলের গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও বহাল রাখা হয়েছে।
সূত্র: বিবিসি
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
