নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

নতুন পে-স্কেল আসছে চার ধাপে

মূল্যস্ফীতি ও সরকারি বাজেটের ওপর চাপ কমাতে দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (৩১ আগস্ট) অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে এসব সুপারিশ উপস্থাপনের কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করতেই এই পদ্ধতি নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার সুপারিশ করা হতে পারে। এরপর আগামী বছরের শুরু থেকে আরও ৩৫ শতাংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে মূল বেতনের বাকি অংশ পরবর্তী অর্থবছরের জুলাই এবং ওই অর্থবছরের জানুয়ারিতে বিভিন্ন ভাতার সঙ্গে বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে। অর্থাৎ দুই অর্থবছরের মধ্যে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিপুল পরিমাণ আমদানির কারণে সরকারের রাজস্ব আদায়ের সুযোগ সংকুচিত হয়েছে। এ কারণে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও তদারকির জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page