বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো মঞ্চ মাতাবেন শাকিরা, বিবার, ম্যাডোনা

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো মঞ্চ মাতাবেন শাকিরা, বিবার, ম্যাডোনা

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে তারকাখচিত হাফটাইম শো

ফিফা বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর মাঠে। তবে এবার ফুটবলের লড়াইয়ের পাশাপাশি সমান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে সংগীত। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় কয়েকজন সংগীত তারকা।

আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের ১১ মিনিটের বিরতিকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ আয়োজন করছে ফিফা ও গ্লোবাল সিটিজেন। এটি বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক ফাইনাল হাফটাইম শো।

হাফটাইম শোর অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস। এছাড়া আফ্রোবিট তারকা বার্না বয়, বিশ্বখ্যাত অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, PS22 Chorus এবং বিশেষ পরিবেশনায় কোল্ডপ্লে অংশ নেবে। পুরো আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বকাপ বিশ্বের মানুষকে একত্রিত করে এবং এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা তাঁর জন্য গর্বের। একই সঙ্গে তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের শিক্ষায় অবদান রাখতে পারা তাঁর কাছে বিশেষ আনন্দের।

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Dai Dai’-এর অন্যতম শিল্পী বার্না বয়ও জানিয়েছেন, ফাইনালের মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করা তাঁর জন্য সম্মানের। আয়োজকদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, শাকিরার সঙ্গে গাওয়া এই গানটি হাফটাইম শোতেও পরিবেশিত হতে পারে।

শুধু সংগীত তারকারাই নন, শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিট-এর পরিচিত চরিত্র এবং দ্য মাপেটস-এর কারমিট দ্য ফ্রগ ও মিস পিগি-ও বিশেষ উপস্থিতি জানাবে এই আয়োজনে।

এই আয়োজনের উদ্দেশ্য কেবল বিনোদন নয়। হাফটাইম শোর মাধ্যমে FIFA Global Citizen Education Fund-এর জন্য অর্থ সংগ্রহ করা হবে। এই তহবিলের লক্ষ্য বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি টিকিট বিক্রি থেকেও এই তহবিলে অর্থ যুক্ত হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page