বিশৃঙ্খলা ঠেকাতে ইউএনওদের কড়া বার্তা
দুর্গাপূজা সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান।
দুর্গাপূজা সামনে রেখে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এ আহ্বান জানান।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকার তাঁদের সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
ইউএনওদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, এলাকার দরিদ্র মানুষ বিভিন্ন প্রয়োজনে ইউএনওদের কাছে সহায়তা চান। এ কারণে প্রত্যেক ইউএনওর জন্য একটি ঐচ্ছিক তহবিল থাকা জরুরি। এই তহবিল থেকে দরিদ্র মানুষকে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই অর্থের ব্যবস্থা করা সম্ভব না হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। স্বৈরাচার আমলে সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করতে বা ডামি নির্বাচন করতে বলবে না।
রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টারের ঘটনার প্রসঙ্গও সভায় তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
