সিনেমার প্রচারে কলকাতায় সানি দেওল, প্রথমেই গেলেন নেতাজি ভবনে

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
সিনেমার প্রচারে কলকাতায় সানি দেওল, প্রথমেই গেলেন নেতাজি ভবনে

নতুন সিনেমার প্রচারে কলকাতায় গিয়ে নেতাজি ভবন পরিদর্শন করেছেন সানি দেওল।

নতুন সিনেমার প্রচারে কলকাতায় গিয়ে ঐতিহাসিক নেতাজি ভবন ঘুরে দেখলেন বলিউড অভিনেতা সানি দেওল। বুধবার কলকাতায় পৌঁছেই পরিচালক রাজকুমার সন্তোষীকে সঙ্গে নিয়ে এলগিন রোডের নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবনে যান তিনি।

নেতাজি ভবনে সানি দেওল ও রাজকুমার সন্তোষীকে স্বাগত জানান অধ্যাপক সুগত বসু। পরে তিনি তাঁদের ঐতিহাসিক ভবনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। এ সময় নেতাজির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও স্মৃতিবিজড়িত নিদর্শনও দেখানো হয়।

নেতাজির থাকার ঘর এবং তাঁর ব্যবহৃত জিনিসপত্র দেখে মুগ্ধ হন সানি দেওল। ভবনটি ঘুরে দেখার সময় নিজের মোবাইল ফোনে বিভিন্ন মুহূর্তের ছবিও ধারণ করেন তিনি। মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতেই সেখানে গিয়েছিলেন সানি দেওল ও রাজকুমার সন্তোষী।

নেতাজি ভবনের পাশাপাশি কলকাতার আরেক ঐতিহাসিক স্থাপনা ভিক্টোরিয়া মেমোরিয়ালও ঘুরে দেখেছেন সানি। সেখানে একটি হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেতা।

মূলত নতুন সিনেমার প্রচারণাকে কেন্দ্র করেই সানি দেওলের কলকাতা সফর। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমাটি আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে সানি দেওলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রীতি জিনতা ও শাবানা আজমি।

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন সানি দেওল ও রাজকুমার সন্তোষী। এর আগে এই জুটি ‘ঘায়াল’, ‘দামিনী’ ও ‘ঘটক’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। ফলে নতুন সিনেমা নিয়েও দর্শক ও অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

কলকাতা সফরে সিনেমার প্রচারের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন এবং নেতাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি সানি দেওলের সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page