বিশ্বের প্রযুক্তিখাতে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এবার এক ধাক্কায় প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে Meta Platforms। প্রতিষ্ঠানটির এই আকস্মিক সিদ্ধান্তে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ- কিশোরদের জন্য এআই চরিত্র বন্ধ করছে মেটা
ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি মেটা কোনো ধরনের পূর্বঘোষণা, আলোচনা বা মিটিং ছাড়াই ইমেলের মাধ্যমে কর্মীদের চাকরিচ্যুতির নোটিশ পাঠিয়েছে। ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ বলে জানা গেছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর ও নীরব ছাঁটাইগুলোর একটি এটি।
মেটার এই ছাঁটাইয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে সিঙ্গাপুর অফিস থেকে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে কর্মীরা ইমেইলের মাধ্যমে জানতে পারেন যে তারা আর কোম্পানির অংশ নন।
পরে ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলের কর্মীদের কাছেও একই ধরনের নোটিফিকেশন পাঠানো হয়। টাইম জোন অনুযায়ী ভিন্ন সময়ে এই ইমেইল পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে সম্ভাব্য বিশৃঙ্খলা বা প্রতিবাদ এড়াতে মেটার পক্ষ থেকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
ছাঁটাইয়ের আগে মেটায় মোট প্রায় ৭৮ হাজার কর্মী কাজ করছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে শুধু কর্মী ছাঁটাই নয়, কোম্পানির অভ্যন্তরে বড় ধরনের পুনর্গঠনও শুরু হয়েছে।
মেটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা জ্যানেল গেইল এক অভ্যন্তরীণ নোটিশে জানিয়েছেন, প্রায় ৭ হাজার কর্মীকে নতুন এআইভিত্তিক টিমে স্থানান্তর করা হবে।
একই সঙ্গে প্রায় ৬ হাজার শূন্যপদ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, মূলত সাংগঠনিক কাঠামো সহজ করা এবং ছোট ছোট টিমের মাধ্যমে দ্রুত কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, এই ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়বে মেটার ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিমে।
মেটার প্রধান নির্বাহী Mark Zuckerberg বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কোম্পানির সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন।
জানা গেছে, চলতি বছর এআই খাতে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করছে মেটা।
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তিতে প্রতিযোগিতা বাড়ার কারণে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন খরচ কমিয়ে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর দিকে ঝুঁকছে।
মেটার এই পদক্ষেপের ঠিক এক সপ্তাহ আগেই Cisco Systems প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাই করেছে।
এছাড়া Microsoft, Amazon, Disney এবং ASML–এর মতো বড় প্রতিষ্ঠানও সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
গত এপ্রিল মাসে Oracle একইভাবে ভোররাতে ইমেইলের মাধ্যমে প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছিল।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক প্রযুক্তি খাতে এখন বড় ধরনের পরিবর্তনের সময় চলছে। বিশেষ করে এআইকেন্দ্রিক ব্যবসায়িক কৌশল গ্রহণের কারণে কোম্পানিগুলো পুরোনো কাঠামো ভেঙে নতুনভাবে নিজেদের সাজাচ্ছে।
সূত্রঃ- বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্র।
আরও পড়ুনঃ- মেটার স্মার্ট চশমায় এবার হাত না ছুঁয়েই বার্তা পাঠানো যাবে




