আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন, নতুন নিয়মে বড় পরিবর্তন

প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন, নতুন নিয়মে বড় পরিবর্তন

পুনর্বিবাহ না করা বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীর আজীবন পারিবারিক পেনশন পাওয়ার নতুন নিয়ম জারি করেছে সরকার।

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে এখন থেকে আজীবন পারিবারিক পেনশন পাবেন। এই সুবিধা অব্যাহত রাখতে প্রতিবছর একবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন বিভিন্ন সুবিধার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন বিধানগুলো গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিতে পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে পেনশনের হারও বাড়বে। কর্মচারীর সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

প্রজ্ঞাপনে নির্ধারিত হারে পাঁচ বছর চাকরি করলে সর্বশেষ মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ এবং ১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে। ২০ বছর চাকরিতে এই হার হবে ৭২ শতাংশ। এরপর ২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ, ২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ এবং ২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। ২৫ বছর বা তার বেশি চাকরি করলে সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন পাওয়ার বিধান রাখা হয়েছে।

এদিকে বিদ্যমান পেনশনভোগীদের ক্ষেত্রেও নতুন করে নিট পেনশন নির্ধারণের নিয়ম দেওয়া হয়েছে। গত ৩০ জুন যে নিট পেনশন পাওয়া যাচ্ছিল, তার ভিত্তিতে নতুন পেনশন হিসাব করা হবে।

নতুন কাঠামো অনুযায়ী, ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে ১০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে নতুন নিট পেনশন হবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে নতুন নিট পেনশন দাঁড়াবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা।

আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এ শ্রেণির নতুন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

তবে বর্তমানে যেসব পেনশনভোগী ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তাঁরা বর্তমান হারেই পেনশন পাবেন। এরপর প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁদের বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে।

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার আগের মতোই রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে।

অবসরের সময় কর্মচারীরা সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অর্জিত ছুটির নগদায়ন হিসেবে পাবেন। অবসর-উত্তর ছুটি বা পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রেও নতুন নিয়মে সুবিধার বিষয়টি নির্ধারণ করা হয়েছে। দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। নির্ধারিত শর্ত পূরণ হলে পিআরএল ভোগ না করলেও ছুটি নগদায়নের সুবিধা পাওয়া যাবে।

এ ছাড়া চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো সরকারি কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে।

সব মিলিয়ে নতুন প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, আনুতোষিক, ছুটি নগদায়ন এবং মৃত কর্মচারীর পরিবারের পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পুনর্বিবাহ না করা বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীর আজীবন পারিবারিক পেনশনের সুযোগটি সরকারি কর্মচারীদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে এসেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page