হামের সংক্রমণ বাড়ছে, একদিনে ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
দেশে হামের সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় একজন এবং সিলেটে তিনজন শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সময়ে নতুন করে সিলেটে ৬৬ জন হামে আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেটে হামের প্রকোপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। নতুন মৃত্যুর ঘটনায় সিলেটে হামে মৃতের মোট সংখ্যা ৯৯ জন । পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। চিকিৎসকরা বলছেন, জ্বর, শরীরে লালচে র্যাশ, কাশি, নাক দিয়ে পানি পড়া বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তবে পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হলেও সময়মতো চিকিৎসা এবং টিকাদানের মাধ্যমে এর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই অভিভাবকদের শিশুদের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা সম্পূর্ণ করার পাশাপাশি জ্বর বা র্যাশ দেখা দিলে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন তারা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। একই সঙ্গে হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা কার্যকর রাখা এবং দ্রুত রোগ শনাক্তকরণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংক্রমণ বৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকতে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
