মান্দায় নির্মাণাধীন ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
মান্দায় নির্মাণাধীন ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটা নির্মাণের অভিযোগে মান্দায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

নওগাঁর মান্দায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুরাতন ইটভাটা ভেঙে নতুন করে ইটভাটা নির্মাণের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার মৈনম ইউনিয়নের কানার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

অভিযানকালে দেখা যায়, মেসার্স এআরএ ব্রিকস নামের একটি পুরাতন ইটভাটা ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ চলছিল। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত। পরে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page