খাস জমি দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদ করল উপজেলা প্রশাসন

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
খাস জমি দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদ করল উপজেলা প্রশাসন

পলাশবাড়ী হাটের প্রবেশপথে খাস জমিতে নির্মাণাধীন দোকানঘরের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

নওগাঁর ধামইরহাট উপজেলার পলাশবাড়ী হাটের প্রবেশপথে খাস জমি দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগে একটি নির্মাণাধীন কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়ানগর-ইসবপুর ইউনিয়ন ভূমি অফিস-সংশ্লিষ্ট পলাশবাড়ী হাটের পেরিফেরিভুক্ত খাস জায়গার একটি অংশ, যা গলি ও সাধারণ চলাচলের জন্য ব্যবহৃত হয়, সেখানে আতাউর রহমান ও তার ছেলে রিফাত দোকানঘর নির্মাণের জন্য কাঠামো তৈরি করছিলেন।

বিষয়টি তহশিলদারের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্টদের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না করায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় স্থানীয়দের সহযোগিতায় নির্মাণাধীন দোকানঘরের কাঠামো অপসারণ করা হয়। পরে ওই স্থানে জনসাধারণের চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।

উপজেলা প্রশাসন জানায়, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এর ১০ ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাট-বাজারের সম্পত্তি হিসেবে বিবেচিত খাস জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা যায় না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং হাট-বাজারের পরিবেশ ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page