ভূমিসেবার সব ফি সাইনবোর্ডে প্রদর্শনের নির্দেশ, অনলাইন ছাড়া নেওয়া যাবে না টাকা

প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ভূমিসেবার সব ফি সাইনবোর্ডে প্রদর্শনের নির্দেশ, অনলাইন ছাড়া নেওয়া যাবে না টাকা

ভূমিসেবার সব ফি সাইনবোর্ডে প্রদর্শনের নির্দেশ

১০২৮০

ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। উপজেলা, সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন বা পৌর ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি শুধুমাত্র অনলাইনে পরিশোধের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন-ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ

চার ফুট বাই আড়াই ফুট সাইনবোর্ড বাধ্যতামূলক

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, চার ফুট বাই আড়াই ফুট আকারের স্থায়ী সাইনবোর্ডে সব সেবার নির্ধারিত ফি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর মাধ্যমে নাগরিকরা সরাসরি অফিসে গিয়ে নির্ধারিত ফি সম্পর্কে ধারণা পাবেন এবং অতিরিক্ত অর্থ দাবির সুযোগ কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

অনলাইন ছাড়া ফি গ্রহণ নয়

ভূমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা ফি কেবল অনলাইনে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই নগদ লেনদেন না করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

কেউ নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।

কোন সেবায় কত ফি

সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সেবার নির্ধারিত ফি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে—

নামজারি ফি মোট: ১,১৭০ টাকা

  • কোর্ট ফি: ২০ টাকা

  • নোটিশ জারি ফি: ৫০ টাকা

  • রেকর্ড সংশোধন/হালকরণ ফি: ১,০০০ টাকা

  • প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি: ১০০ টাকা

খতিয়ান ফি:

  • সার্টিফাইড বা অনলাইন কপি: ১২০ টাকা

  • ডাকযোগে পেতে অতিরিক্ত ডাকমাশুল: ৪০ টাকা

মৌজা ম্যাপ:

  • প্রতি শিট: ৫৪৫ টাকা

  • ডাকযোগে পেতে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অতিরিক্ত ফি প্রযোজ্য নয়।

নাগরিকদের জন্য কী বার্তা

ভূমিসেবা খাতে অনিয়ম কমানো ও সেবার স্বচ্ছতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করায় ঘুষ বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ কমবে—এমনটাই প্রত্যাশা।

নাগরিকদের সচেতন থেকে নির্ধারিত ফি যাচাই করে অনলাইনে পরিশোধ করার আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page